রংপুরে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

মহাসড়কে মৃত্যুর মিছিল থামছেই না

0
923

রংপুর মহানগরীর দর্শনায় যাত্রীবাহী বাস চাপায় জিয়ন ইসলাম নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত জিয়ন বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলের হাট গ্রামের স্কুল শিক্ষক জাহিদুল ইসলামের ছেলে। সে রংপুর মহানগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের শুটকি আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে বাস চাপায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ও আশপাশের ছাত্রাবাসের শিক্ষার্থীরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় জিয়নের মরদেহ নিতে আসা অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন তারা। টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে চেষ্টা করলে পুলিশের সাথে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটলে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জিয়ন দর্শনার ঘাঘটপাড়া এলাকার মেঘলা ছাত্রাবাসে থেকে পড়াশোনা করত। সকালে প্রাইভেট পড়া শেষে ছাত্রাবাসে ফেরার সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস সড়কে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী ও আশপাশের ছাত্রাবাসের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান সাইফ জানান, দুর্ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে সেখানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো বাসের পলাতক চালক ও হেলপারকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Facebook Comments