তাসনিমুল বারীঃ একজন মুমূর্ষু রোগীকে রক্তদানের জন্য গন্তব্যে পৌঁছে যান রক্তদাতা। যেমনটি জয়ের জন্য লড়ে যান প্রতিটি ক্রিকেটার।
গল্পে দেখানো হয়েছে কীভাবে একজন খেলা প্রেমিক সাপোর্টার বাংলাদেশের খেলা দেখতে দেখতে রক্তের প্রয়োজনে খেলা দেখা ছেড়ে দৌঁড়ে গন্তব্যে পৌঁছে যান জরুরী মূহুর্তে রক্তদানের জন্য। এমনই এক দেশপ্রেম ও মানব প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গন্তব্য- The Destination’ । স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা জামশেদ শামীম । সুব্রত দেবের কাহিনী ও সংলাপে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অর্প মজুমদার। কাজটি সম্পর্কে অভিনেতা জামশেদ শামীম বলেন, “রক্ত দিন, জীবন বাচাঁন। আপনার দেওয়া এক ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে একটি মানুষের জীবন। বেঁচে যেতে পারে একজন গর্ভবতী মা ও সন্তান, এক্সিডেন্ট করা একজন মানুষ, মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে লড়ে যাওয়া, বাঁচতে চাওয়া একজন মানুষ। আমি নিজেও স্বেচ্ছায় রক্তদান করি। সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতি চার মাস পরপর রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি তো হয় না বরং আরো উপকার হয়। তাই আসুন আমরা সবাই মিলে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি।”
সুব্রত দেব জানান, “বাংলাদেশের সেলিব্রেটি যারা আছেন তারা সবাই যদি রক্তদানের আহ্বান নিয়ে এগিয়ে আসেন তবে দেশে রক্তের চাহিদা মেটানো খুব সহজ হয়ে যাবে। মূলত ক্রিকেটারদের কাছে রক্তদানের আহ্বান পৌঁছে দিতে এই স্বল্প দৈর্ঘ্যের সচেতনতামূলক চলচ্চিত্রটি নির্মাণ করে হয়েছে। সেই সাথে সবার মাঝে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।একদিন বাংলাদেশে রোগীর সংখ্যার তুলনায় রক্তদাতার সংখ্যা বেশি হবে, হবেই ইনশাআল্লাহ্।”
উল্লেখ্য, দেশের সকল স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় গড়ে ওঠা বাংলাদেশের সর্ববৃহৎ প্লাটফর্ম “রক্তদানের অপেক্ষায় বাংলাদেশ” এর সৌজন্যে এর আগেও সুব্রত দেবের পরিকল্পনায় একটি ভিডিও তৈরি করা হয়েছিলো। যা সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছিলো।
গন্তব্য দেখতে এখানে ক্লিক করুন



