মৃত্তিকা,
আমি জানি তোর নগ্নতা পছন্দ নয়
তবে কি জানিস আমার পছন্দ ছিলো তোর নগ্ন পিঠে,
ছড়ানো চুল কিংবা ব্লাউজ ছাড়া শাড়ি,
তোর কোমরের তিল টায় আমার প্রতিদিন ১০১ টা চুম্বন দেবার অনুমতি ছিলো,
আমার মফস্বল প্রেম তোকে কিছু দিতে পারেনি রে,
সেবার ইঁদুরে যেদিন অন্তর্বাস কেটেছিলো
সেদিন খুব দুঃখ পেয়েছিলি,
আমাদের ভাঙ্গা সংসার তখন ইঁদুরে কাটা অন্তর্বাসের মত,
জামার আড়ালে বোঝা যেতনা
কিন্তু কাটা অংশটুকুর অস্বস্তি সমস্ত শরীর জুড়ে থাকত।
আমি তোর সমস্ত অস্বস্তি আমার বুকে লুকিয়ে রাখতাম,
তবুও দিন শেষে রাত হলেই আমাদের ভালবাসা গুলো ভিড় করত
আমাদের ঘরের দরজায়,
টিনের চালে,
ঘরের বেড়ায় কিংবা
আমাদের দুটো উষ্ণ শরীরে
আমরা ভালো ছিলাম সত্যি।।

Facebook Comments