আমাদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে

ইফতেখার ইফতি

0
1387

আমাদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে
ঈশ্বরের হাতে বিবেকের নগ্ন উল্লাসের ভার
ক্ষমতার তৃষ্ণা তবুও রক্তে মিটছে না
মিটছে না আজও বেচে থাকার ব্যর্থ হাহাকার

আমরা চেতনা নয়
বিষের পেয়ালা ধরিয়েছি তারুন্যের ঠোটে
লালসার নেশায় স্বাধীনতা ইতিহাস
বিক্ষোভ আজ কামনার হিসেব মাপে

দলে দলে বিভক্ত দেশ
বিভক্ত করেছি অন্ন বস্ত্র মানবতা
বিভক্ত লজ্জায় কাপছে নগ্ন শিশু,
নারীর দেহ, জলে ভাসা লাশের কাটা মাথা

আমাদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে
তবুও স্লোগান নয় আমরা কবিতা লিখি
তবুও তো অন্ধকার মেটাই না
মনের
শরীরের
অন্ধ লোভের
নির্লজ্জ উল্লাসের

তবুও ঘুণে ধরা মানুষ
রাতের কাব্য সাজায়
কাজল ধোয়া চোখের জল
তবুও নিঃস্তব্ধ চিত্কারে
জীবনের শেষ আকুতি জানায়

তবুও সময় ফুরায়
রাত জেগে থাকে
তবুও মানুষের নগ্ন বাস্তব
যেন মরা লাশ
বিভৎস খোলা চোখে
আমার কবিতা দেখে হাসে..

আমাদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে!!

Facebook Comments