পঞ্চগড় প্রতিনিধি মোঃ আলমগীর হোসাইনঃ পঞ্চগড় শহরের নিউ মার্কেট এলাকায় চুরির অপবাদে হাতুরি দিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সাকিন (১০) নামে এক শিশু। শিশু সাকিন পঞ্চগড় শহরের ইসলামবাগ এলাকার দর্জি দুলালের পুত্র।
মঙ্গলবার (২৮ আগষ্ট) রাতে খবর পেয়ে সাকিনের বাবা-মা, সদর থানার পুলিশ সহ ঘটনাস্থলে যান। তালাবদ্ধ ঘর থেকে তালা ভেঙ্গে আশংকাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। পরে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে পালিয়ে যায় নির্যাতনকারীরা।
নির্যাতনের শিকার শিশু জানায়, চুরির অপবাদ দিয়ে ঘরের ভিতর আটকিয়ে রেখে হাত পা বেঁধে মাথার চুল কেটে ঘরে তালা দিয়ে আটকে রেখে হাতুরি দিয়ে হাটু, পিঠ, পায়ের তলাসহ বিভিন্ন স্থানে পিটিয়ে নির্যাতন চালিয়েছে সুলতান হাজীর পুত্র গুড়া হলুদ-মরিচ ব্যাবসায়ী সফিকুল ইসলাম।
সাকিনের বাবা দুলাল মিয়া জানান, খবর পেয়ে সন্তানকে উদ্ধার করতে গেলে সফিকুলের হামলার শিকার হই আমরা।
জানা যায়, সাকিনকে নির্মম ভাবে নির্যাতন করায় মা সায়েদা বাদী হয়ে সফিকুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি রবিউল হাসান সরকার জানান, ঘটনার পর থেকে সফিকুল গা ঢাকা দিয়েছে। তাকে আটক করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।



