রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আগুন

প্রায় দেড় থেকে দুই কোটি টাকা ক্ষতির আশংকা

0
1086

রাবি প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি ল্যাবরেটরিতে ভয়াবহ আগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি বিভাগের ল্যাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সময় ল্যাবে বিভাগের মাস্টার্সের চার শিক্ষার্থী কাজ করছিলেন। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পুড়ে যাওয়া ল্যাবের একাংশ

এসময় তাদের সঙ্গে কোন শিক্ষক ছিলেন না।
শিক্ষার্থীরা জানান, সোমবার সন্ধ্যায় জেনেটিক ল্যাবে কাজ করছিলেন তারা। এসময় গবেষণার সরঞ্জাম পরিস্কার করতে গিয়ে অ্যালকোহলের ওপর স্পিরিট ল্যাম্প কাত হয়ে পড়ে যায়। এতে বিষ্ফোরণের ঘটার সঙ্গে সঙ্গে আগুন পুরো ল্যাবে ছড়িয়ে যায়। এসময় শিক্ষার্থীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের মাত্রা বেড়ে যায়। এরপরে কার্বন ডাই অক্সাইডের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হন শিক্ষার্থীরা। তখন তারা সেখান থেকে দ্রুত বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রওশন আলী অয়ন বলেন, ল্যাবে আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো কক্ষটি অন্ধকার হয়ে যায়। আমরা ল্যাব থেকে বের হয়ে এসে ফোন করে শিক্ষকদের বিষয়টি জানাই। পরে শিক্ষকরা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ল্যাবে থাকা কম্পিউটার, রেফ্রিজারেটর, মাইক্রোস্কোপ, বিভিন্ন রাসায়নিক দ্রব্যসহ অধিকাংশ গবেষণা যন্ত্রপাতি পুড়ে ধ্বংস হয়ে যায়।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি বিভাগের অধ্যাপক ড. বিশ্বনাথ শিকদার বলেন, ল্যাবে প্রায় সাড়ে তিন কোটি টাকার সরঞ্জাম ছিল। এর অধিকাংশই আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, দেড় থেকে দুই কোটি টাকার যন্ত্রপাতি ধ্বংস হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্পিরিট ল্যাম্পের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

– রাবি প্রতিনিধি খুর্শিদ রাজীব

Facebook Comments